রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে লাপাত্তা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি তারা তিন বান্ধবী।
গতকাল শুক্রবার পল্লবী থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন ওই তিনজনের একজনের মা।
এদিকে পুলিশ বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যে তারা স্বেচ্ছায় বাসা থেকে বের হয়েছে। তাদের জাপানে যাওয়ার ইচ্ছা ছিল বলে বন্ধুদের জানিয়েছিল। তবে তাদের কোনো পাসপোর্ট ছিল না।
থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে একই সময়ে তিন বান্ধবী নিখোঁজ হয়। তার মেয়ে বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন নিয়ে গেছে। নিখোঁজ আরেকজনের মেয়ে আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং অপরজন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।
অভিযোগে আরও বলা হয়, তারা মিরপুর ১৪ নম্বর এলাকায় বসবাস করে। ওই এলাকারই তিন ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের অপহরণ করেছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, তিন কলেজছাত্রী স্বেচ্ছায় বাসা ছেড়ে চলে গেছেÑ এমন একটি অভিযোগ থানায় এসেছে। তারা কোথায় গেছে, সেটি আমরা খোঁজার চেষ্টা করছি। অভিযোগে উল্লেখ করা তরিকুল ও রকিব নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তরিকুল তাদের ঘনিষ্ঠ বন্ধু। ওই তিন ছাত্রী তরিকুলের সঙ্গে বিভিন্ন সময় ঘুরতে যেত বলে জানিয়েছে। কিছুদিন আগে তারা একসঙ্গে দিয়াবাড়িতে ঘুরতে গেলে ওই ছাত্রীরা জাপান যেতে চাওয়ার আগ্রহের কথা জানায়।
তিনি আরও বলেন, ‘আমরা তিন ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছি। অভিযোগে যে তিনটি ফোন নম্বর সঙ্গে থাকার কথা বলা হয়েছে, সেগুলো আমরা ডিটাস (নেটওয়ার্ট থেকে বিচ্ছিন্ন) পেয়েছি। এখন ওরা বাংলাদেশে না বাইরে, তা নিশ্চিত না। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধারের।’