চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরীকে মারধরের অভিযোগে তার মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে চট্টগ্রামের কাপাসগোলা রোডের আকবরশাহ লেন থেকে অভিযুক্ত মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭) গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী বাসার বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী তার কাছে মাদক কেনার জন্য নগদ টাকা চায়। টাকা না দেয়ায় ছেলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হন তিনি। আহত অবস্থায় তার চিৎকার শুনে স্ত্রী আসলে ছেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে রুমে চলে যায়।
মারধরে জাফরুল আলমের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় অভিযুক্তের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে সে স্বীকার করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।