উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয় নিশ্চিত করে মুখ্যমন্ত্রীর পদ রক্ষা করলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
এছাড়া জঙ্গিপুর ও শমসেরগঞ্জ আসনেও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থীরা।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের সামান্য বেশি।
এর আগে গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।
গত ২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। তাতে ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে।
বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসনে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও নিয়ম অনুযায়ী নতুন কোনো আসনে ছয় মাসের মধ্যে তাকে বিজয়ী হয়ে আসার বাধ্যবাধকতা ছিল। অন্যথায় তাকে ছাড়তে হতো মুখ্যমন্ত্রীর পদ।
গত মার্চ এবং এপ্রিল মাসে আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যে। ২ মে ফল ঘোষণা করা হয়। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২৯২ (প্রার্থীর মৃত্যুতে শমসেরগঞ্জ বা জঙ্গিপুরে ভোট হয়নি) আসনের মধ্যে ২১৩টিতে জিতে ক্ষমতায় ফেরে।