মাদককাণ্ডের পর শাহরুখপুত্রের ভিডিও ভাইরাল

শনিবার রাতে ক্রুজ শিপে মাদকের পার্টি থেকে আটক হওয়ার পর বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের একটি কথিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে তাকে একটি ব্যাগ থেকে কিছু একটা বের করতে দেখা যাচ্ছে। খবর: এনডিটিভি।

ধারণা করা হচ্ছে ভিডিওটি ফাঁস হয়েছে এবং এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। শাহরুখ খান এবং তার আইনজীবীরা এখনও ভিডিওটি সম্পর্কে মন্তব্য করেননি এবং পুলিশও কোনো মন্তব্য করেনি।

শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেন এনসিবির কর্মকর্তারা। আটক ১০ জনের মধ্যে শাহরুখপুত্র আরিয়ানও রয়েছেন।

তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগ উঠেছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (এনসিবি)।

এনসিবির কর্মকর্তারা জানান, ক্রুজটিতে রেভ পার্টি চলছিল। শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও ছিলেন সেখানে। পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে উঠেন এনসিবির গোয়েন্দারা। পার্টিতে নেশারত অবস্থায় ওই ১০ জনকে হাতেনাতে ধরে ফেলেন তারা। পার্টি থেকে কোকেন, হাশিস, এমডিএম-এর মতো প্রচুর টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়।