এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। রবিবার শুরু হওয়া দীর্ঘ মেয়াদি এই ক্যাম্পে ডাকা হয়েছে ৩৩ খেলোয়াড়কে।
চীনের হাংঝুতে ২০২২ সালের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস।
পুরুষ কাবাডি দলের ক্যাম্পের প্রথম ধাপ ইতিমধ্যে শেষ হয়েছে।
মেয়েদের ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে ১০ জন জাতীয় চ্যাম্পিয়ন আনসারের খেলোয়াড়। এ ছাড়া বাংলাদেশ গেমস রানার্সআপ পুলিশের ১৪ জন ও নড়াইলের ৯ জন খেলোয়াড়।
২০১৯ এসএ গেমসের জাতীয় দল থেকে বাদ পড়েছেন রুপালী আক্তার, শ্রাবণী পোদ্দার, টুকটুকি আক্তার ও দিশামনি। আর সেই দলের অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা অবসর নিয়েছেন।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘কাবাডির স্বার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি আমরা। আমাদের মূল লক্ষ্য আগামী বছর হাংঝু এশিয়ান গেমসে নারী ও পুরুষ কাবাডি দলের পদক পুনরুদ্ধার করা।’
‘তাই অর্থের জন্য বিওএর দিকে না তাকিয়ে থেকে নিজেদের উদ্যোগে দুই দলেরই ক্যাম্প শুরু করেছি। সাফল্য এনে দিতে খেলোয়াড়রা মাঠে খেলবেন, আমাদের কাজ তাদের চাহিদা পূরণ করা।’