ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে প্রশাসনের নজরদারিতে রেখে ব্যবসা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ইভ্যালি মার্চেন্ট ও ভোক্তাবৃন্দ নামের ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাসেলের মুক্তি দাবি করে তাকে প্রশাসনের নজরদারিতে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি তোলা হয়।
মোহাম্মদ নাসির ও সাকিব হাসান নামের দুই পাওনাদার স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল মুক্তি দিয়ে তাকে নজরদারির মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে ব্যবসা করার সুযোগ দিতে হবে।
তারা বলেন, এসক্রো সার্ভিস চালু হওয়ার আগে অর্ডার করা পণ্য ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছেন; আমরা তাকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই।
তাদের দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ই-ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট ও ভোক্তা প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক ব্যাংক গ্যারান্টিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স নিতে হবে।