পিএসজির লাভের জন্যই দল ছাড়তে চেয়েছিলেন এমবাপে

সবশেষ গ্রীষ্মের দলবদলেও কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন। কিন্তু পিএসজি তাকে ছাড়েনি। পরে প্যারিসের দলটির ডিরেক্টর ব্রাজিলের সাবেক ফুটবল লিওনার্দো জানিয়েছিলেন, এমবাপে নাকি এমন সময় দল ছাড়ার কথা বলেছিলেন যখন দলবদলের শেষ সময়! কিন্তু এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, দল ছাড়ার কথা জুলাইয়ের শেষ দিকেই জানিয়েছিলেন তিনি। পিএসজির লাভের জন্যই আগে যেতে চেয়েছিলেন বলেও জানিয়েছেন এমবাপে।

আসছে জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। এরপর দলবদল করলে পিএসজির কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার পর এমবাপে অন্য দলে গেলেও কোনো অর্থ পাবে না পিএসজি। ফ্রান্সের টিভি স্পেশন আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, ‘আমি জুলাইয়ের শেষ দিকেই বলে আসছিলাম চলে যেতে চাই, আগস্টের শেষ সপ্তাহে নয়। আমি এমনটা করেছিলাম কারণ, তখন থেকেই আমি আর চুক্তি বাড়াতে আগ্রহী ছিলাম না। আমি চাইছিলাম ক্লাব ট্রান্সফার ফি পাক।’

গণমাধ্যমে খবর ছিল এমবাপে পিএসজির বেশ কয়েকটি অফার ফিরিয়ে দিয়েছে। এসব বিষয়ে আর কথা বলতে চান না এমবাপে। এমনকি লিওনার্দোকে নিয়েও আর কিছু বলতে চান না, ‘প্যারিস সেন্ট জার্মেই আমাকে অনেক দিয়েছে। গেল চার বছরে এখানে আমি সুখেই ছিলাম। এখনো আছি। আমি আগেই দল ছাড়ার কথা জানিয়েছিলাম ক্লাবের লাভের জন্য।’

এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ৪ গোল, ৫ অ্যাসিস্ট করেছেন এমবাপে।