হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার আঘাতে চাচা খুন হয়েছেন। নাটোরের নলডাঙ্গায় প্রতিপক্ষের ফালার আঘাতে মারা গেছেন গ্রাম্য এক চিকিৎসক। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত তরুণের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
হবিগঞ্জ : ছোটদের ঝগড়ার জের ধরে ভাতিজার ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে চাচা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবউদ্দিন (৪০) ওই গ্রামের ইরফান উল্লার ছেলে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গত রবিবার বাড়ির উঠানে খেলা করার সময় শিশুদের মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে শাহাবউদ্দিনের সঙ্গে তার ভাই হারুন মিয়ার কথাকাটাকাটি হয়। পরে গ্রামের লোকজনের মধ্যস্থতায় তা নিরসন হয়। কিন্তু গতকাল সকালে ওই ঘটনার সূত্র ধরে দুই ভাইয়ের পরিবার পুনরায় বিবাদে লিপ্ত হয়। একপর্যায়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার (১৭) ফিকল দিয়ে চাচা শাহাবউদ্দিনকে আঘাত করে। পরে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহাবউদ্দিন সম্প্রতি ওমান থেকে দেশে আসেন।
নাটোর : নলডাঙ্গায় প্রতিপক্ষের ফালার আঘাতে রহিদুল ইসলাম (৪৫) নামে এক গ্রাম্য ডাক্তার খুন হয়েছেন। গত রবিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত রহিদুল উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডেলের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, রাতে রহিদুল ইসলাম পীরগাছা বাজারে নিজের ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষ মহসিন আলী ভুট্টু ফালা দিয়ে তাকে আঘাত করে।
চন্দনাইশ (চট্টগ্রাম) : সাঙ্গু নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার এসআই অজয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।