আসছে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে দুদিনে আরও ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা দেশে এসে পৌঁছবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে এসব টিকা আসবে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার তিন চালানে এসব টিকা আসবে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্র্তৃপক্ষ উপস্থিত থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে প্রথম শিপমেন্টে গতকাল রাতে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং এদিন রাতে তৃতীয় শিপমেন্টে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার টিকাসহ মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছবে।

এর আগে কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।