কমলগঞ্জে অপরিকল্পিত বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের ধর্মপুর এলাকায় ধলাই নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনে আকস্মিক অভিযান পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার।

এর আগে সোমবার বিকেলে দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়।

সোমবার কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশি সহায়তায় ধর্মপুরে আকস্মিক অভিযান পরিচালনা করে পাইপ ও একটি ড্রেজার মেশিন ভেঙে দেন।

এছাড়াও বালুঘাট থেকে ইজারাদারের দায়িত্বপ্রাপ্ত শমসুদ মিয়াসহ ২ জনকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসেন। পরে জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করায় রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

দীর্ঘদিন থেকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীর তীরের কাছাকাছি মিরতিংগা চা বাগান সড়কে নির্মিত স্টিলের সেতুর পূর্বদিকে ধলাই নদীর ১ম খণ্ডাংশ ও পশ্চিমদিকে ২য় খণ্ডাংশ ইজারা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫-৭টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।

নদীর বালু উত্তোলনের ফলে ভাঙনে নদীর তীর ধীরে ধীরে বিলীন হচ্ছে।

এ বিষয়ে সোমবার বিকেলে দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে “অপরিকল্পিত বালু উত্তোলন: ভাঙনের মুখে বসতভিটা, ব্রিজ, ফসলি জমি" শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

বিষয়টি শুনে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার সোমবার সন্ধ্যায় আকস্মিক অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘টাকা পরিশোধ না করায় দুজনকে আটক করে নিয়ে আসা হয়। পরে টাকা পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও এ রকম অভিযান অব্যাহত থাকবে।’