ভারতের রাজধানী দিল্লিতে সড়কপথের ফুটওভার ব্রিজের নিচে আটকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এমন একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
বিমান সাধারণত বিমানবন্দর আর আকাশে থাকে। অন্যদিকে নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করে। তাই ফুট ওভারব্রিজের সাথে কোনোভাবেই বিমানের যোগসূত্র নেই। ফলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকেই ধাঁধায় পড়ে গেছেন।
বিমান আটকা পড়ার রহস্য খোলাসা করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানায়, বিমানটি অনেক দিন ধরে অকেজো হয়ে পড়েছিল। বাতিল হয়ে যাওয়া বিমানটি বিক্রি করে দেওয়া হয়েছিল এবং রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় সেটি আটকে পড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের পাশ দিয়ে রাস্তার অন্যান্য যানবাহন চলাচল করছে। বিমানটিতে কোনো ডানা ছিল না। বিমানটির পাখা খুলে শুধু কাঠামোটি সরানো হচ্ছিল।
ভিডিওটি টুইট করা একজন সাংবাদিক এয়ার ইন্ডিয়ার একটি বিবৃতিও শেয়ার করেছেন। বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, বিমানটির সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এয়ার ইন্ডিয়ার একটি [নথিভুক্ত] বাতিল হয়ে যাওয়া বিমান, যা বিক্রি করে দেওয়া হয়েছে। বিমানটির নতুন মালিকরা গতকাল রাতে সেটিকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। বিমানটির সঙ্গে এয়ার ইন্ডিয়ার আর কোনও সম্পর্ক নেই’।
দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা টাইমস অব ইন্ডিয়াকে বলেন যে, ‘বিমানটি অবশ্যই দিল্লি বিমানবন্দরের বহরের অন্তর্গত নয়’ এবং নতুন মালিকদের ‘চালক বিমানটি পরিবহনের সময় ভুল করে থাকতে পারেন’।
ভিডিওটি টুইটার এবং ইউটিউবে হাজার হাজার বার দেখা হয়েছে, অনেকে প্রশ্ন তুলেছেন বিমানটি কীভাবে আটকে গেল।
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ টুইট করে বলেন যে, বিমানটি কয়েকদিন ধরে ব্রিজের নিচে আটকে ছিল।
অনেকে বলেন যে, বিমানটি পরিবহনের আগে রুটটি পরীক্ষা করা উচিত ছিল।
অনেকে ২০১৯ সালের ডিসেম্বরে পশ্চিমবঙ্গ রাজ্যে অনুরূপ একটি ঘটনার সঙ্গে এর তুলনা করেন। সেবারও এয়ার ইন্ডিয়ার একটি পরিত্যক্ত পোস্ট প্লেন একটি ব্রিজের নিচে আটকে যায়।