সাভারে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার

সাভার থেকে নিখোঁজের ৪ দিন পর মাসুদ শেখ (২৭) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর থানার চারিগ্রামের দাশেরহাটি ব্রিজের নিচ থেকে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ফোনে ভাড়া ঠিক করে গত ২ অক্টোবর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাসুদ।

নিহত মাসুদ শেখ রাজবাড়ী জেলা সদরের পেয়ারআলী মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি বাবা-মার সঙ্গে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদবাইদ এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতেন।

সিঙ্গাইর থানা-পুলিশ জানায়, সকালে সিঙ্গাইর উপজেলার দাশেরহাটি ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় নিখোঁজ মাসুদের পরিবারের সদস্যদের উদ্ধার হওয়া লাশের ছবি দেখানো হলে সেটি মাসুদের মরদেহ বলে শনাক্ত করেন তারা।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাসুদকে কেউ দুই থেকে তিন আগে হত্যা করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং ইজিবাইক নিয়ে যায়। তার হাতের আঙুল কাটা ছিল।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর বিকেল ৪টার দিকে কেউ একজন মাসুদের ফোনে কল করে ডাকলে সাভারের তেঁতুলঝোড়া দিয়ে সিঙ্গাইরের দিকে ইজিবাইক নিয়ে যান মাসুদ। ওই দিন বের হওয়ার দুই থেকে ৩ ঘণ্টা পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর সিঙ্গাইর থানাসহ বিভিন্ন থানায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে সাভার মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের ভাই মজনু। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করে সিঙ্গাইর থানা-পুলিশ।