রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, গ্রেপ্তার ৩

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, এরপর জিম্মি করে অর্থ আদায় করে এমন এক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলো পবা থানার চৌবাড়িয়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী এবং এ চক্রের মূলহোতা নার্গিস নাহার হেলেনা (৫২), বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে বাপ্পী (৩২) এবং পঞ্চবটী এলাকার রানার স্ত্রী কোহিনুর রাত্রী (৪৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর অলোকার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের মূলহোতা নার্গিস নাহার হেলেনাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে কোহিনুর ও বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, এ চক্রটি প্রেমের ফাঁদ পেতে বিভিন্ন পেশাজীবী লোকজনকে কৌশলে বাসায় নিয়ে গিয়ে নারীর সঙ্গে অশ্লীল ছবি তোলে। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করত। এ চক্রের প্রতারণার শিকার হলেও নিজেদের সম্মান, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণœ হওয়ার ভয়ে অনেকেই অভিযোগ করেন না।

সম্প্রতি এক ব্যক্তিকে কৌশলে সুলতানাবাদ এলাকার একটি বাসাবাড়িতে নিয়ে গিয়ে জোর করে নারীর সঙ্গে অশ্লীল ছবি তোলা হয়। এরপর তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে তারা ১৮ হাজার টাকা নেয়। পরে ২০ হাজার টাকা নেওয়ার জন্য পরিবারের সদস্যের বিকাশ নম্বর দেয়। প্রতারণার শিকার ওই ব্যক্তির পরিবারের অভিযোগের পরিপ্রক্ষিতে পুলিশ তাকে উদ্ধার করে এবং এ চক্রের সন্ধান পায়।