এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। তিনি বলেন, মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। যারা এক ডোজও টিকা নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ্ব তাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। এ ক্ষেত্রে সত্তরোর্ধ্বদের পূজামণ্ডপে না আসার জন্য নিরুৎসাহিত করেছে ডিএমপি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় এসব কথা বলেন তিনি।
সভার শুরুতেই ডিএমপি কমিশনার উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় উৎসবে সুদৃঢ় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাহিনীর। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ডিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।