পুলিশ দেখে নদীতে ঝাঁপ যুবকের মৃত্যু

চাঁদপুরে পুলিশ দেখে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নদীর কয়লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। অটোরিকশাচালক ওই তরুণের নাম রুবেল হোসেন (১৯)। তিনি পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে।

চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ জানান, গত সোমবার মধ্য রাতে ৫ নম্বর ঘাটে ডাকাতিয়া নদীর তীরে দুই তরুণ বসে মাদক সেবন করছিল। নদীর পাড়ে টর্চলাইটের আলোতে পুলিশ দেখে ভয়ে দুই তরুণ নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে গেলেও তার বন্ধু হাসান (১৮) তীরে উঠে আসে।

তবে রুবেলের বাবা বলেন, তার ছেলে মাদকাসক্ত ছিল না। পুলিশের ধাওয়ায় নদীতে ডুবে তার ছেলের মৃত্যু হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, রুবেলের বন্ধু হাসান পুলিশের কাছে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছে।