ওয়েব সিরিজ বানাচ্ছেন রায়হান রাফী
সিনেমা হলের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মের নিয়মিত মুখ রায়হান রাফী। ওটিটিতে মুক্তি পাওয়া ‘জানোয়ার’ ও ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ ফিল্ম নিয়ে বেশ চর্চা হয়েছে। এবার ঘোষণা এলো ওয়েব সিরিজের, এর নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে আছে জাজ মাল্টিমিডিয়া।
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ঘোষণা দিয়েছিল জাজ। নিজেদের দ্বিতীয় প্রজেক্ট হিসেবে এসেছে রাফীর ‘চক্র’ সিরিজের নাম। সিরিজের গল্প নিয়ে বলা হচ্ছে, চক্র প্রকৃতিরই সৃষ্টি। মানুষের জীবন থেকে মৃত্যু একটা জীবনচক্র। সূর্য নিজ অক্ষে ঘুরছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই মহাকাশের মধ্যে যা কিছু আছে সবকিছুই চক্রাকারে ঘুরছে। এই শত কোটি চক্রের মধ্যে নারীর জীবনচক্র বড়ই রহস্যময়। সৃষ্টিকর্তা শুধু নারীকেই সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন বলেই হয়তো, নারীর চরিত্র একই সঙ্গে বিপরীতমুখী। একমাত্র নারীরাই পারেন একই সঙ্গে ভালোবাসতে আবার ঘৃণা করতে। পরম আদর দিতে আবার কষ্ট দিতে। নারী একই সঙ্গে লোভী আবার নির্লোভ। নারীর বিভিন্নমুখী চরিত্র ফুটে উঠবে, জাজের ঘরের পরিচালক রায়হান রাফী পরিচালিত, জাজের থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘চক্র’তে। কারা অভিনয় করছেন, তা অবশ্য জানানো হয়নি। বলা হচ্ছে, সিরিজের জন্য অডিশনের মাধ্যমে নতুন মুখ বাছাই করা হবে। আর শ্যুটিং শুরু হবে নভেম্বরে।
‘প্রিয় সত্যজিৎ’-এ আহমেদ রুবেল
নাটক-সিনেমার মেধাবী অভিনেতা আহমেদ রুবেলের জন্মদিন ছিল মঙ্গলবার। এদিন তার নতুন ছবির খবর দিলেন নির্মাতা প্রসূন রহমান। এসেছে প্রাথমিক পোস্টারও। ‘প্রিয় সত্যজিৎ’ নামের ওই ছবির প্রধান চরিত্রে থাকছেন এ অভিনেতা। বিশ্ববিখ্যাত ভারতীয় নির্মাতার জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি হিসেবে তৈরি হবে চলচ্চিত্রটি। প্রসূন ফেইসবুকে এ ঘোষণা দেন। তবে রুবেলের সঙ্গে আর কারা থাকছেন বা ছবির গল্প জানাননি তিনি।
নির্মাতা লেখেন, ‘শুভ জন্মদিন রুবেল ভাই। নতুন প্রকল্পের কথা জানানোর জন্য জন্মদিনের চেয়ে শুভক্ষণ আর কী হতে পারে। এ বছর আমরা সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদ্যাপন করছি। নেটফ্লিক্স তাদের ট্রিবিউট জানিয়েছে ‘রে’ সিরিজ নির্মাণ করে। জানা গেছে, সত্যজিতের নিজের শহর কলকাতা থেকে নির্মিত হচ্ছে আরও দুটি চলচ্চিত্র।’ এরপর লেখেন, ‘প্রিয় সত্যজিৎ’ নামে আমরা একটি ট্রিবিউট ফিল্ম নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেখানে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের দ্বারা অনুপ্রাণিত একজন প্রবীণ নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন- আহমেদ রুবেল। যা হবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
আহমেদ রুবেলকে সর্বশেষ দেখা গেছে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত অনুদানের ছবি ‘অলাত চক্র’-এ। হাবিবুর রহমানের পরিচালনায় আরও ছিলেন জয়া আহসান। রুবেল বর্তমানে আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন।
জনতার চাপে ভেস্তে গেল শ্যুটিং
কয়েকদিন ধরে পাবনায় ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার শ্যুটিং করছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী। দেশ রূপান্তরকে নায়ক জয় জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর পর্যন্ত শ্যুটিং করার কথা থাকলেও অত্যধিক গরম আর জনতার চাপে তা করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ক্যামেরা ক্লোজ করেই ৪ অক্টোবর সোমবার ঢাকায় ফেরে ছবির টিম।
জানা গেছে, পাবনায় গান ও অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার কথা ছিল ‘প্রেম-প্রীতির বন্ধন’ ছবির ইউনিটের। কিন্তু অপু বিশ্বাসের শ্যুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজন তাকে দেখতে ভিড় জমান। এতে বিপাকে পড়েন ছবির পরিচালক সোলায়মান আলী লেবু। অবশেষে তারা শ্যুটিং বন্ধ রেখেই ঢাকার পথে রওনা দেন। জয় চৌধুরী বলেন, পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শ্যুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করেই ফিরছি। কারণ, অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য পুরো শ্যুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘœ হয়ে পড়ে। ঢাকায় ফিরে ছবির বাকি অংশের কাজ করব। আর পাবনায় যে কাজগুলো হওয়ার কথা ছিল তা ঢাকার আশপাশে মনোরম কোনো লোকেশনে করার সিদ্ধান্ত হয়েছে।