মাদ্রাসা শিক্ষকের বেদম মারধরের কথা গোপন রাখে শিশুটি

গাজীপুরের শ্রীপুরে কওমি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করা হয়েছে এমন অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। রবিবার পৌর শহরের উজিলাব গ্ৰামে নওয়াব খুদেজা রহমান সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থী পিটানোর এ ঘটনা ঘটেছে। শিশুটির পরিবার বলেছে, ভয়ে মারধরের কথা গোপন রাখে শিশুটি।

এ বিষয়ে মঙ্গলবার থানায় শিক্ষক হাসিবুর রহমান ও নোমান মিয়াকে অভিযুক্ত করে অভিযোগ করেছেন শিশুটির বাবা।

শিশুর বাবা জানান, রোববার দুপুরে বাড়ির পাশের মাদ্রাসা থেকে না বলে শিশুটি বাড়ি চলে আসে। বিকেলে মাদ্রাসায় ফিরলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দুই শিক্ষক। পরে বেদম মারধরও করা হয়। ভয়ে মারধরের কথা গোপন রাখে শিশুটি। পরদিন তার গায়ে আঘাতের অসংখ্য লাল দাগ (পেটানোর চিহ্ন) দেখে জানতে চাইলে সে বলে হুজুর মেরেছে।

তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।