আজই হয়তো পেলেকে ছুঁয়ে বা ছাড়িয়ে যেতে পারেন সুনীল ছেত্রি

বিশ্ব ফুটবলের পরাশক্তিদের ধারে কাছেও নেই ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১০৭। তবে তাদের এক ফুটবলার এমন এক কীর্তি গড়ার সামনে, তার জন্য গর্ববোধ করতে পারে ভারতবাসী।

ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙার সামনে ভারতীয় ফরোয়ার্ড সুনীল ছেত্রি। আর একটি গোল করলেই ব্রাজিলিয়ান কিংবদন্তির সঙ্গে চেয়ার ভাগাভাগি করবেন ৩৭ বছর তারকা। গোল সংখ্যায় পেলের পাশে বসা; এ যে বিশাল সম্মানের ছেত্রির জন্য!

আন্তর্জাতিক অঙ্গনে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছেন পেলে। যেখানে ১২১ ম্যাচে ছেত্রির গোল ৭৬। সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার বিকেলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

এই ম্যাচে একটি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন ছেত্রি। আর দুই গোল করলেই ছাড়িয়ে যাবেন ব্রাজিলকে তিনবার বিশ্বকাপ জেতানো তারকাকে। বাংলাদেশের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচে ভারতের হয়ে গোলটি করেন ছেত্রি।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮০ ম্যাচে ১১১ গোল নিয়ে সবার শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। গত মাসে দীর্ঘদিন ধরে এই অভিজাত তালিকার শীর্ষে থাকা আলী দায়ীকে পেছনে ফেলেন সিআর সেভেন। এর আগে জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে সাবেক ইরানিয়ান ফরোয়ার্ডের রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ উইঙ্গার।

বর্তমানে ১৪৯ ম্যাচে ১০৯ গোল নিয়ে দুইয়ে আছে আলী দায়ী। পেলে আছেন অষ্টম স্থানে। ৯৪ ম্যাচে ৭৭ গোল নিয়ে তার সঙ্গী সংযুক্ত আরব আমিরাতের আলী মাবখাউত। পরের স্থানে ছেত্রি।

ইউরোপ ও লাতিন আমেরিকার চেয়ে অনেক পিছিয়ে এশিয়ার ফুটবল। তবে আন্তর্জাতিক অঙ্গনে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেরা দশে আছেন এশিয়ার পাঁচ ফুটবলার।