বিশ্বকাপের আগে পদত্যাগ করছেন কোহলি-রোহিতদের প্রশিক্ষক

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রশিক্ষক (ট্রেইনার) নিক ওয়েব। নিউজিল্যান্ডের এই প্রশিক্ষক জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ক্রিকেট দলের অংশ হচ্ছেন না তিনি। ২০১৯ সালে ওয়েবকে নিয়োগ দিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

খবরটি নিশ্চিত করেছেন ওয়েব নিজে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই কিউই প্রশিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমি সম্প্রতি বিসিসিআইকে জানিয়েছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমি চুক্তি বাড়াব না।’

বিসিসিআইয়ের এক কর্মকর্তাও জানিয়েছেন, নিউজিল্যান্ডের এই প্রশিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়েবের প্রস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ভারতের সাপোর্ট স্টাফে। আর তা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে। ইতিমধ্যে, প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আইসিসি ইভেন্টই হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার সঙ্গে তার শেষ কাজ।

কোচিং স্টাফদের মধ্যে বোলিং কোচ ভারত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।