গাজীপুরে শ্রীপুরে সিএনজির ধাক্কায় মনির হোসেন (৮) নামে এক প্রাইমারি স্কুলছাত্র নিহত হয়েছেন। সিএনজির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। এ সময় তার বইপত্র রক্তে ভিজে যায়।
বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট জৈনা আঞ্চলিক সড়কের গোতার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মনির হোসেন নয়াপাড়া গ্রামের আসাদুল হোসেনের ছেলে। নিহত শিশু মনির হোসেন (৮) নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলছাত্র মনির গোতার বাজারের একটি দোকানে বসে বিস্কুট খাচ্ছিল। এমন সময় একটি বেপরোয়া দ্রুতগামী সিএনজি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মনিরের ওপর উঠে পড়ে। এ সময় মনির ছিটকে পড়ে সড়কের ওপর। মুহূর্তের মধ্যেই পিচঢালা সড়কে রক্তে সয়লাব হয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এ সড়ক সহ আশপাশের সবগুলো সড়কেই বেপরোয়া চলে সিএনজি অটো রিকশা। এ ব্যাপারে বহু বলেও কোনো ব্যবস্থা করা যায়নি। ঘাতক সিএনজি ও চালককে স্থানীয়রা আটক করেছে।
স্বজনরা জানান, মনির নিয়মিত স্কুলে যেত। ছাত্র ভালো ছিল। এখন সন্তান হারিয়ে মা বাবা নির্বাক হয়ে গেছে। বারবার মূর্ছা যাচ্ছেন মা বাবা। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রকৃত বিচার দাবি করেন তারা।
শ্রীপুর মডেল থানার এস আই রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আগেই স্থানীয়রা ঘাতক সিএনজি ও চালককে আটক করেছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।