শাশুড়িকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা জামাইয়ের

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মেয়ের জামাইয়ের দা’য়ের কোপে শাশুড়ি জোছনা রানী শীল (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে ইতি শীল গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। 

বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী।

সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সুজিত শীল গত ৮ মাস যাবৎ শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করছিলেন। তিনি বিভিন্ন সময় নেশা করে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করতেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে, তিনি নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পরই আমরা সুজিত শীলকে আমাদের হেফাজতে নিয়েছি। বর্তমানে সুজিত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।