মালদ্বীপকে হারানোর স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। বরং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সাফের স্বাগতিক দলটি বাংলাদেশকে দিয়েই খুলল পয়েন্টের খাতা।
সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারায় মালদ্বীপ। মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিকেরা দুই গোল আদায় করে জয় তুলে নেয়।
৫৫ মিনিট হামজা মোহামেদ এগিয়ে দেন মালদ্বীপকে। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আলি আসফাক। এই হারের ফলে তিন ম্যাচ খেলা বাংলাদেশ একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়ে রইল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এক ম্যাচ কম খেলা মালদ্বীপ।
দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে নেপাল আছে টেবিলের শীর্ষে। আর দুই ম্যাচের দুটিতেই ড্র করে ভারত টেবিলে চারে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে টেবিলের পাঁচে।
শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফে নিজেদের অভিযান শুরুর পর ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে থাকা ভারতকে দশজন নিয়েও রুখে দেওয়ার পর মালদ্বীপকে হারানোর স্বপ্ন ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু সেই স্বপ্ন এদিন সত্যি হলো না।
সাফে বাংলাদেশ একবারই শিরোপা জিতেছে, সেটা ২০০৩ সালে। সেবার ফাইনালে মালদ্বীপকে হারিয়েই শিরোপায় হাত রেখেছিল বাংলাদেশ। এরপর দুই দল মোকাবিলা করেছে তিনবার। তিন ম্যাচেই বাংলাদেশের লজ্জাকর আত্মসমর্পণ।
২০১১ সাফে ৩-১, ২০১৫ সাফে একই ব্যবধানে হারার পর ২০১৬ সালে প্রীতি ম্যাচে চূড়ান্ত লজ্জা পেতে হয়। মালেতে ৫-০ গোলে হারে বাংলাদেশ। এই তালিকায় সর্বশেষ সংযোজন এদিনের ২-০ গোলে হার।