করোনা মহামারীর ধাক্কা সামলে দেড় বছরের বেশি সময় পর বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে শুধু চার্টার্ড ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিদেশিরা। আর বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করতে চাইলে অপেক্ষা করতে হবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভির। বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসছে। আলোচনার পর আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছি।’
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনাবিষয়ক স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের নির্দেশনা মেনেই প্রবেশ করতে পারবেন পর্যটকরা।
সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা দেন, আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসার ফি দিতে হবে না। যদিও এ বিষয়ে গতকাল বিবৃতিতে কিছু উল্লেখ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।