ইবিতে সংস্কারকাজ অসমাপ্ত রেখে হল খুলছে আজ

দীর্ঘ দেড় বছর পর আজ শনিবার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল। সকাল ৯টা থেকে এক ডোজ টিকা নেওয়ার শর্তে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

হলের সংস্কারকাজ অসমাপ্ত রেখে শিক্ষার্থী ওঠানো নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে সংস্কার কাজের মান নিয়েও। শিক্ষার্থীরা বলছেন, পুরোপুরি প্রস্তুতি ছাড়া হলে উঠলে নানা সমস্যার সম্মুখীন হতে হবে তাদের।

বিশ্ববিদ্যালয়ের আটটি আবাসিক হল সংস্কারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ দিলেও তিন মাসে দরপত্র আহ্বান করতে পারেনি প্রশাসন।

গত ২৪ সেপ্টেম্বর এ নিয়ে দেশ রূপান্তরে ‘দরপত্রে আটকা হল সংস্কারকাজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৭ সেপ্টেম্বর দরপত্র উন্মুক্ত করে। আর গত ৪ অক্টোবর সিন্ডিকেট সভায় ৯ অক্টোবর থেকে আবাসিক হল খোলার সিদ্ধান্ত হয়। একই দিন তড়িঘড়ি করে সংস্কার শুরু করে কর্র্তৃপক্ষ। কিন্তু মাত্র পাঁচ দিনে শিক্ষার্থীদের জন্য হল প্রস্তুত করতে পারেনি প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, হলগুলোর সংস্কার কাজের বড় অংশই বাকি রয়েছে। আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়নি। বিদ্যুৎ ও পানির লাইনের কাজও শেষ হয়নি। শিক্ষার্থীদের জন্য পুরোপুরি প্রস্তুত হতে আরও সপ্তাহখানেক লাগবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘মাত্র পাঁচ দিনে সংস্কারকাজ শেষ করা সম্ভব নয়। ফলে শিক্ষার্থীরা যাতে এসে উঠতে পারে, সেজন্য হলগুলোকে মোটামুটি উপযোগী করে তোলা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, ‘প্রক্রিয়াগত কারণে দরপত্রে সময় লেগেছে। দেরি করে সংস্কারকাজ শুরু করা হলেও শিক্ষার্থীদের বসবাসের উপযোগী করা হয়েছে।’