জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো পাহাড়ের আশ্রয়ণ প্রকল্পের নিজ ঘরে নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের গলাকাটাসহ দুই তরুণ এবং চট্টগ্রামের সীতাকু-ে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
জামালপুর : বকশীগঞ্জ উপজেলায় সামিরন বেগম নামে এক নারীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া ডুমুরতলা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত সামিরন বেগম (৫৫) ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা গ্রামের মৃত নেহাল মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার পূর্বাচল ৭নং সেক্টর ও ভুলতা ফ্লাইওভারের নিচ থেকে গতকাল শুক্রবার সকালে দুটি মরদেহ উদ্ধার করা হয়। পূর্বাচলে উদ্ধার হওয়া মরদেহটি ভোলাব ইউনিয়নের দুখাই মিয়ার ছেলে হৃদয়। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
সীতাকুন্ডে (চট্টগ্রাম) : সীতাকুন্ডে অনুমানিক ৩৫ বছরের অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট-দারোগারহাট বাজারের পশ্চিমে পূর্ব লালানগর গ্রামের সড়কের পার্শ্ববর্তী ছড়ারপাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের মাথায় ধারালো বস্তুর কোপের চিহ্ন ও ডান হাতের আঙুল কাটা ছিল।