নোলানের ‘ওপেনহেইমার’ হচ্ছেন সিলিয়ান মারফি

ক্রিস্টোফার নোলানের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন সিলিয়ান মারফি। নির্মাতার পরের ছবি ‘ওপেনহেইমার’-এ দেখা যাবে তাকে। খবর হলিউড রিপোর্টার।

দীর্ঘ সময় ওয়ার্নার ব্রসের সঙ্গে কাজ করলেও নোলানের এবারের ছবিটি হচ্ছে ইউনিভার্সেল স্টুডিও’র ব্যানারে। শুক্রবার এক ঘোষণায় ‘ওপেনহেইমার’ সম্পর্কে জানায় প্রতিষ্ঠানটি।

সাধারণত গরমে মুক্তি পায় নোলানের ছবি, এবারও তার ব্যতিক্রম হবে না। ২০২৩ সালের ২৩ জুলাই মুক্তি পাবে ‘ওপেনহেইমার’।

এ প্রসঙ্গে স্টুডিও বলছে, এই এপিক থ্রিলারে এমন এক রহস্যময় মানুষকে তুলে ধরা হবে যিনি বিশ্বকে বাঁচাতে দিয়ে ধ্বংসের ঝুঁকি নিয়েছিলেন।

আমেরিকান তত্ত্বীয় পদার্থবিদ জে. রবার্ট ওপেনহেইমারকে ধরা হয় পরমাণু বোমার অন্যতম জনক হিসেবে। তার আবিষ্কৃত বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা ব্যবহৃত হয়।

১০ কোটি ডলারের বেশি বাজেটের সিনেমাটি নির্মিত হচ্ছে ২০০৫ সালে প্রকাশিত পুলিৎজার-জয়ী বই ‘আমেরিকান প্রমিথিউস: দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে রবার্ট ওপেনহেইমার’ অবলম্বনে।

২০২২ সালের শুরুতে ছবির কাজ শুরু হবে। দৃশ্যায়ন হবে আইম্যাক্স ৬৫এমএম ও ৬৫এমএম লার্জ-ফর্মেটে।

ছবির কারিগরিতে থাকছেন নোলানের আগের সিনেমার সহকর্মীরা।

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘ব্যাটম্যান বিগিনস’-এর স্কারক্রো চরিত্রের মাধ্যমে নোলানের ছবিতে প্রথমবার অভিনয় করেন মারফি। এরপর ব্যাটম্যান ট্রিলজির পরের ছবির পাশাপাশি ‘ইনসেপশন’ ও ‘ডানকার্ক’-এ অভিনয় করেন। তবে এবারই প্রথম নোলানের পরিচালনায় প্রধান চরিত্রে মুখ দেখাতে যাচ্ছেন তিনি।