শেষ পর্যন্ত পাকিস্তান দলে শোয়েব মালিক

অনেক জলঘোলার পর অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। পিঠের চোটের কারণে তারকা ব্যাটার শোয়েব মাকসুদ ছিটকে পড়ায় মালিককে দলে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে দুদিনে চারটা পরিবর্তন হলো ৬ সেপ্টেম্বর ঘোষিত পাকিস্তান বিশ্বকাপ দলে। শুক্রবার সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ব্যাটার হায়দার আলী ও ফখর জামানকে আনা হয় আজম খান, মোহাম্মদ হাসনাইন ও খুশদিল শাহকে বাদ দিয়ে। তাতে সরফরাজ আহমেদের জায়গা হলেও জায়গা পাননি মালিক। তবে তার কপাল খুলে গেল শোয়েবের চোটে। অভিজ্ঞ অলরাউন্ডার মালিক বর্তমান বিশ্বের পুরনো খেলোয়াড়দের একজন। খেলেছেন পাকিস্তানের জেতা ২০০৯-সহ ৫টি বিশ্বকাপ। সবমিলিয়ে ১১৬ টি২০-তে ৩১ গড়ে ২২৩৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছে ২৮টি। এছাড়া ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে বিশ্বের ৫ জন ১০ হাজার রান সংগ্রাহকের একজন তিনি।