সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে পোস্ট দেখে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ী এলাকার দরিদ্র প্রতিবন্ধী কানাই রায়কে বাড়ি উপহার দিয়েছেন পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিন।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কাঁটাবাড়ী গ্রামে নির্মিত বাড়িটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সেই অসহায় পরিবারটিকে হস্তান্তর করেন শাইলা সাবরিন। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সামিউল ইসলাম সোহেল, পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ডেপুটি জেনারেল ম্যানেজার মাজেদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সমাজ সেবক শাইলা সাবরিন বিত্তবানদের সমাজের অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কাঁটাবাড়ী গ্রামের প্রতিবন্ধী কানাই রায়ের পরিবারকে নিয়ে ২০২০ সালের ৫ নভেম্বর ‘হামার খবর কেউ রাখে না’ শিরোনামে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান ফেইসবুকে পোস্ট দেন। বিষয়টি পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শাইলা সাবরিনের নজরে আসে। সে সময় তিনি সেই পরিবারটির সঙ্গে যোগযোগ করে তাদের দেখতে আসেন এবং পরিবারটিকে এক লাখ টাকা প্রদান করে একটি বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এরপর প্রতিশ্রুতি অনুযায়ী শাইলা সাবরিন নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারটিকে তাদের নিজস্ব জমিতে একটি আধা পাকা বাড়ি নির্মাণ করে দেন।