ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আবার সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি শুরু করার দাবিতে আল্টিমেটাম দিয়েছে জেলা নাগরিক ফোরাম।
গতকাল শনিবার বেলা ১১টায় সংগঠনটির উদ্যোগে রেলস্টেশনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে রেলস্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত না করলে রেলপথ অবরোধ করে পূর্বাঞ্চল রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে গত ২৬-২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তা-ব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌর ভবন, ভূমি অফিস, পুলিশ সুপার কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।