টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে সার্ভিস লেনের পাশে ড্রেন নির্মাণ করতে গিয়ে পল্লি বিদ্যুতের সঞ্চালন লাইনের ৩৩ কেভির তিনটি খুঁটি ভাঙাসহ আটটি খুঁটি পড়ে গেছে।
শনিবার রাত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও রাতে আড়াই ঘণ্টা এবং রবিবার সকালে পৌনে তিন ঘণ্টা পৌর এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রবিবার সকাল পৌনে দশটা থেকে বিকল্পভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে বলে স্থানীয় পল্লিবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে। তা ছাড়া মহাসড়কের ওই লাইনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে আন্ডারপাসের ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা জানান, মির্জাপুর বাইপাস এলাকায় মহাসড়কের কাজ শেষ হলে বংশাই রোডে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে পড়ে। এতে সামান্য বৃষ্টিতেই ওই এলাকায় হাঁটুপানি জমে যায়। ফলে উপজেলার উত্তরাঞ্চলের হাজারো মানুষকে সদরে আসতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। তাদের দুর্ভোগ লাঘবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেন প্রকল্পের অধীনে বংশাই রোডের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণকাজ শুরু করা হয়। গত শুক্রবার রোডের দক্ষিণাংশ থেকে পুষ্টকামুরী মাঝিপাড়া হয়ে ৭০০ মিটার ড্রেন নির্মাণের মাটি কাটার কাজ শুরু করা হয়।
ঠিকাদার আব্দুল মোনায়েম কোম্পানির কর্মীরা ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ শুরু করেন। ড্রেন সংলগ্ন সারি সারি পল্লিবিদ্যুতের খুঁটির গোড়া থেকে গভীর করে মাটি কেটে নেয়া হয়। একপাশ থেকে গভীর করে মাটি কেটে নেয়ায় খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
শনিবার রাত একটার দিকে তিনটি খুঁটি ভাঙাসহ আটটি খুঁটি পড়ে যায়। তবে গভীর রাতে এই খুঁটিগুলো ভেঙে পড়ায় এবং খুঁটিগুলো ভেঙে এক অংশ মহাসড়কের আন্ডারপাসের ওপর পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তা ছাড়া মহাসড়কের ওই লাইনে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে পল্লি বিদ্যুৎ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পল্লি বিদ্যুতের লাইন বন্ধ করে দেন।
বংশাই রোডের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, রাত একটার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ চলে যায়। বাসার বাইরে বের হয়ে দেখি অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে আছে।
তিনি বলেন, শুক্র ও শনিবার ড্রেন নির্মাণের জন্য পল্লিবিদ্যুতের খুঁটিগুলোর গোড়া থেকে মাটি কেটে নেয়া হয়। তখন ভেকু অপারেটর কোম্পানির ফোরম্যানকে বলেছিলাম এভাবে একপাশ থেকে মাটি কেটে নিলে খুঁটি ভেঙে পড়তে পারে। কিন্তু ফোরম্যান ধমক দিয়ে বলেন যেভাবে বলি সেভাবে কাজ হবে।
আব্দুল মোনায়েম কোম্পানির ভেকু অপারেটর শহিদুলও স্বীকার করে বলেন খুঁটির গোড়া থেকে মাটি কেটে নেয়ায় খুঁটিগুলো ভেঙে পড়েছে।
টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কারিগরি আবু সাইম বলেন, মহাসড়কের পাশে ড্রেন নির্মাণকাজের মাটি কেটে নেয়ায় খুঁটিগুলো ভেঙে পড়েছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বিদ্যুৎ বন্ধ হয়ে পড়ে। আমরা দ্রুত সময়ে বিকল্পভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার ব্যবস্থা করেছি।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোানয়েম কোম্পানির কারও সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। ভেঙে ফেলা খুঁটি সরিয়ে ফেলতে ওই এলাকায় কোম্পানির বড় একটি হাইডোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, খুঁটির গোড়ার মাটি কেটে নেওয়ায় খুঁটিগুলো ভেঙে পড়েছে। আব্দুল মোানয়েম কোম্পানি লি. এবং পল্লিবিদ্যুতের সমন্বয়ে মেরামতের কাজ চলছে বলে জানান তিনি।