প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। সব ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ব্যবহৃত হবে এই প্রযুক্তি।

আইসিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে। প্রত্যেক দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দুটি করে রিভিউ পাবে। আগে সাদা বলের দুই ফরম্যাটের ক্রিকেটে একটি করে রিভিউ ছিল।

তবে গত বছর জুনে গভর্নিং বডি সিদ্ধান্ত নেয়, মহামারির কারণে স্থানীয় আম্পায়ার থাকায় সব ফরম্যাটের ম্যাচের প্রত্যেক ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখার। এতে সাদা বলের ফরম্যাটের প্রত্যেক ইনিংসে রিভিউ সংখ্যা বেড়ে দুটি করা হয়। সঙ্গে টেস্টেও রিভিউ বাড়ানোর হয়। টেস্টে এখন তিনটি রিভিউ।

২০১৬ সালে সর্বশেষ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ওই আসরে ডিআরএস ছিল না। কারণ, ওই সময় টি-টোয়েন্টিতে ডিআরএস সিস্টেমের আবির্ভাব হয়নি। তবে ২০১৮ সালে নারী বিশ্বকাপে প্রথমবার, আইসিসির টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার হয়। একটি করে রিভিউ পেত দলগুলো। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও সমানসংখ্যক ডিআরএস ছিল।

২০১৭ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে আম্পায়ার রিভিউ বা প্লেয়ার রিভিউ সিস্টেম চালু করা হয়। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নারী ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএস ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।