টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের বাগানবাড়ি চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তার নাতির বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে।
ওই বৃদ্ধার নাম সেফাতন নেছা খান (৯০)। তিনি ওই গ্রামের মৃত সিরাজ খানের স্ত্রী। তার নাতির নাম মঞ্জুর হোসেন (২৫)। তিনি সেফাতন নেছার ছেলে মনসুর আলীর সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জুর মাদকাসক্ত। তিনি নেশা করার জন্য দাদির কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, সেফাতন নেছা বাড়িতে একা ছিলেন। দুপুর ১২টার দিকে নাতি মঞ্জুর হোসেন তার কাছে টাকা দাবি করেন। সেফাতন নেছা টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির একপর্যায়ে মঞ্জুর প্রথমে কুপিয়ে সেফাতন নেছাকে আহত করেন। পরে তাকে গলা কেটে হত্যা করেন। এ সময় সেফাতন নেছার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মঞ্জুর পালিয়ে যান।
ওসি তারিক কামাল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযুক্ত মঞ্জুর হোসেনকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।