সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে পিটিয়ে বাঁশের বেড়া দিয়ে পরিবারকে অবরোধ করার ঘটনার অবসান ঘটিয়েছে পুলিশ। গতকাল রবিবার দুপুরের দিকে বাঁশের বেড়া কেটে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের চলাচলের পথ সুগম করে দেয় তাড়াশ থানার পুলিশ। উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) গত মঙ্গলবার দুপুরে মারধর করা হয়। এ ঘটনায় ওইদিনই একই গ্রামের রুবেল (১৮), নয়ন (২০) ও নাজমুল হকের (২০) বিরুদ্ধে তাড়াশ থানায় ওই ছাত্রীর বাবা একটি অভিযোগ দেন।
এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার বাঁশের বেড়া দিয়ে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে বাধা দেয় অভিযুক্তরা। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ওই বেড়া কেটে দেয়।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তাড়াশ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, গতকাল দুপুরের দিকে বাঁশের বেড়া কেটে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনের চলাচল বাধামুক্ত করে দেওয়া হয়েছে।