জলবায়ু সম্মেলনে ডাক পেল ‘নোনা জলের কাব্য’

শিগগিরই দেশে মুক্তি পাবে ‘নোনা জলের কাব্য’। সরকারি অনুদান ও আন্তর্জাতিক তহবিলে নির্মিত নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ছবিটি এর আগে বিদেশের একাধিক উৎসবে অংশ নিয়েছে। সামনেও যাচ্ছে বেশ কয়েকটি আয়োজনে।

গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ডাক পেয়েছে ‘নোনা জলের কাব্য’। আরও দেখানো হবে হাওয়াই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাও পাওলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।

সিনেমাটির জাতিসংঘ জলবায়ু সম্মেলন থেকে ডাক পাওয়া প্রসঙ্গে নির্মাতা সুমিত বলেন, ‘আমি খুশি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যাদের কথা শোনার কেউ নেই, সিনেমাটির মাধ্যমে তাদের কথা, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশ্বের নানা প্রান্তের নেতারা শুনতে পাবেন।’

সম্মেলনের সময়  আইম্যাক্স থিয়েটারে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ছবিটি প্রদর্শিত হবে। এর আগে ২৯ অক্টোবর একই ভেন্যুতে জাতিসংঘের ইয়ুথ লিডার কনফারেন্সে সিনেমাটির প্রদর্শনী হবে।

জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশ্বনেতারা সিনেমাটি দেখবেন। এখানে সারা বিশ্বের ১৫টি সিনেমা প্রদর্শনী হবে।

এর আগে লন্ডন, বুসান, সিয়াটল, গোটেবর্গসহ বেশ কিছু বড় ফেস্টিভ্যালে অংশ নেয় ‘নোনা জলের কাব্য’।

ডকুফিকশনটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, অশোক ব্যাপারী, আমিনুর রহমান প্রমুখ।

নভেম্বরে দেশের দর্শকেরা ‘নোনা জলের কাব্য’ দেখতে পাবেন বলে জানান সুমিত।