চীনের উত্তরাঞ্চলীয় শ্যানশি প্রদেশে ব্যাপক বন্যায় ১৭ লাখ ৬০ হাজারেরও বেশি অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে প্রদেশটির ৭০টিরও বেশি জেলা ও শহরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
ভারী ও টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে উদ্ধার প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে বলে প্রশাসন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে।
গত সপ্তাহে প্রাদেশিক রাজধানী তাইয়ুয়ানে প্রায় ১৮৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত শহরটিতে অক্টোবরের গড় বৃষ্টিপাত মাত্র ২৫ মিলিমিটার।
কর্তৃপক্ষ বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, এক লাখ ২০ হাজারেরও বেশি লোককে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে পুনর্বাসিত করা হয়েছে এবং শ্যানশি প্রদেশজুড়ে ১৭ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে।
গ্লোবাল টাইম জানায়, প্রদেশটিতে ভূমিধসে চার পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শ্যানশির বন্যা হেনানের চেয়েও মারাত্মক হতে পারে।
প্রতিবেশী হেনান প্রদেশে অতিরিক্ত বৃষ্টিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর তিন মাসের মধ্য শ্যানশিতে বন্যা দেখা দিল।