শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে টানা ৬ দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্দরের ভেতরের কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রীদের দেশে ফেরা চালু রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ সোমবার থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভারতে প্রধান সড়কে প্রতিমা তৈরি করে পূজা উদ্যাপন করেন তারা।
যার কারণে এ উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা আজ ১১অক্টোবর সোমবার থেকে ১৬ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন পণ্য রপ্তানি বা আমদানি না করার সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছেন পূর্বেই।
সে মোতাবেক আজ সোমবার সকাল থেকেই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
পূজার বন্ধ শেষে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু রয়েছে।
বন্দরে পূর্বের আমদানি করা পণ্যগুলো খালাস ও ডেলিভারি কার্যক্রম চালু রয়েছে। শুধুমাত্র পূজা উপলক্ষে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।