নাসুম-জাসকারানকে হারিয়ে সেপ্টেম্বরের সেরা লামিছানে

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন সন্দিপ লামিচানে। বাংলাদেশের বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ ও যুক্তরাষ্ট্রের পাওয়ার-হিটার জসকারান মালহোত্রাকে হারিয়ে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেপালের এই লেগ-স্পিনার।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এ দুর্দান্ত কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন লামিচানে। ৬ ওয়ানডে খেলে ৭.৩৮ গড় ও ৩.১৭ ইকোনমি রেটে নিয়েছেন ১৮ উইকেট।

টুর্নামেন্টে তার দুটি সেরা পারফরম্যান্স ছিল পাপুয়া নিউগিনির বিপক্ষে। ৩৫ রানে ৪ উইকেট ও ১১ রানে ৬ উইকেট নেন তিনি। লামিচানের আরেক উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ওমানের বিপক্ষে। ম্যাচটিতে ১৮ রানে নেন ৪ উইকেট।

প্রমীলা ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল্লে লি।

মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে মনোনয়ন পেয়েছিলেন নাসুম। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। কিউইদের বিপক্ষে ৩-২ ব্যবধানে টাইগারদের সিরিজ জয়ের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নেন নাসুম।

জুলাই মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন সাকিব। দেশ সেরা অলরাউন্ডার পুরস্কার না জিতলেও মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ জেতেন মুশফিক।