নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তার জাহিদুল ইসলাম জেলার সোনারগাঁও থানার হরিহরদী গ্রামের বাসিন্দা ও দেওভোগ বাড়ৈভোগস্থ বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।
সোমবার ভোর রাতে তাকে ফতুল্লার দেওভোগ বাড়ৈভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বলাৎকারের শিকার হওয়া ছাত্রদের মধ্যে এক ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদীর দশ বছর বয়সী পুত্র ও বাদীর সঙ্গে থানায় আসা অপর এক সঙ্গীর নয় বছর বয়সী পুত্র উভয়েই দেওভোগ বাড়ৈভোগস্থ বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করেন। গ্রেপ্তার জাহিদুল প্রায় সময় তার কক্ষে ডেকে হাত-পা টেপানোর কথা বলে কক্ষে ডেকে নিয়ে ৯ বছর বয়সী ছাত্রকে একাধিকবার বলাৎকার করেন তিনি।
আরও বলা হয়, পরবর্তীতে সর্বশেষ চলতি মাসের ৭ অক্টোবর সকাল ১০ টার দিকে মাদ্রাসায় নিজ কক্ষে বাদীর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে বলাৎকার করেন ওই শিক্ষক। এর আগে ৯ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে বাদীর ছেলের সহযোগী মাদ্রাসায় পড়ুয়া অপর এক ছাত্রকে একই কায়দায় ডেকে নিয়ে বলাৎকার করেন তিনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বলাৎকারের শিকার মাদ্রাসার ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।