প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রথমটিতে মঙ্গলবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে রবিবার রাতে আবু ধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনও করেছেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

এর আগে ওমানে কন্ডিশনিং ক্যাম্প শেষে ওমান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটিতে ৬০ রানে জয় পায় টাইগাররা। ব্যাটারদের ভালো প্রস্তুতি হয়েছে সেই ম্যাচে।

শ্রীলঙ্কা সদ্যই ওমান জাতীয় দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। প্রথম ম্যাচ ১৯ রানে ও দ্বিতীয়টিতে ৫ উইকেটে জয় পায় দলটি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পর বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে আবারো ওমানে যাবে তারা।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলঙ্কাকেও। গ্রুপ ‘এ’তে আছে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা।