সম্পত্তির লোভে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

৭০ বছর বয়সী বিধবা মা মরিয়ম বেগমকে সম্পত্তির লোভে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘুমন্ত অবস্থায় দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করার দায়ে ৫০ বছর বয়সী ছেলে মো. মোস্তফাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

ময়মনসিংহের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন সোমবার দুপুরে এ রায় দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আব্দুল জব্বার তার জীবদ্দশায় সমস্ত সম্পত্তি চার পুত্র-কন্যার মাঝে ভাগ করে দেন। জব্বারের স্ত্রী ৭০ বছর বয়সী মরিয়ম বেগম স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। ঘাতক পুত্র তার ভাগের ৯ শতাংশ ভূমি মায়ের কাছে বিক্রি করে দেন। বিক্রয়কৃত ভূমি বেআইনিভাবে দখল করার চেষ্টায় ২০১৮ সালের ১৩ ডিসেম্বর ঘুমিয়ে থাকা বৃদ্ধা মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় নিহতের অপর ছেলে মো. শাহজালাল বাদী হয়ে ভালুকা থানায় ঘটনার পরদিন হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক গ্রহণ করে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও দশ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন ভূঁইয়া।