‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিন এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই বৃহৎ কার্যক্রমে এডিবি অর্থায়নসহ কারিগরি সহযোগিতা দেবে বলে মন্ত্রীকে অবহিত করেন বিদায়ী ও নতুন কান্ট্রি ডিরেক্টর।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।