নাটোরের গুরুদাসপুরে চলনবিলে ইজিবাইক উল্টে পানিতে পড়ে নিখোঁজ শিশু জান্নাতির (২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে পানিতে ৯ জন যাত্রীসহ একটি ইজিবাইক উল্টে যায়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা ৮ জনকে পানি থেকে উদ্ধার করতে পারলেও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করতে পারেনি তারা।
পরে মঙ্গলবার সকালে বিলশা ব্রিজ এলাকার পানিতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পার সাওল গ্রাম থেকে খুবজীপুর এলাকার খালেকের ছেলে রফিকুল ইসলামের বিয়েতে ইজিবাইকযোগে সোমবার সন্ধ্যায় আসেন ৯ জন। ইজিবাইক চালক রাস্তা ভুল করে বিলশা ব্রিজের সামনে গিয়ে গাড়ি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পানিতে উল্টে পড়ে যায়।
পরে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও ইজিবাইকে নানির কোলে থাকা শাওল গ্রামের জুলহকের মেয়ে শিশু জান্নাতিকে খুঁজে পায়নি। সকালে তার মরদেহ পাওয়া যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসী রাতে অনেক শিশুটিকে খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকালে মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়।