মেঘনার পাড় হতে জেলের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের চররমনী মোহন এলাকা থেকে মো. শরিফ হোসেন (৩৫) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার চররমনী মোহন এলাকায় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 নিহত শরিফ হোসেন উপজেলা চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল ব্যাপারির ছেলে।

স্থানীয় ও নিহত স্বজনদের ধারণা, তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মৃতদেহ রাতের আঁধারে এখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের পিতা আব্দুল ব্যাপারি বলেন, সোমবার রাতে একই ইউনিয়নের জাহাঙ্গীর, কাশিম ও হযরত আলী- শরিফকে ডেকে নিয়ে যায়। পরে রাতে শরিফ বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে মেঘনা নদীর পড়ে মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। তার ছেলে নদীতে মাছ ধরে সংসার চালাতো।

লক্ষ্মীপুর সদর থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া মো. শরিফ হোসেন (৩৫) নামের এক জেলের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।