‘ঘুড়ি’-খ্যাত লুৎফর হাসানের সঙ্গে গানে কণ্ঠ দিলেন ‘শিস বালিকা’ অবন্তী সিঁথি।
‘কেমন আছো বন্ধু তুমি’ শিরোনামের গানটির অডিও-ভিডিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গানের কথা ও সুর লুৎফর হাসানের। সংগীত আয়োজনে আমজাদ হোসেন। ভিডিও পরিচালনা করেছেন শান সায়েক।
লুৎফর হাসান বলেন, ‘দুই সংসারের দুই অসুখী মানুষের হাহাকারের গল্প নিয়ে এই গান। এমন অনেকেই কিংবা প্রায় সকলেই এই গোপন ব্যথায় আক্রান্ত, তার মনের মানুষের সঙ্গে হয়তো তার সংসার হয়নি। পৃথক বসবাসের ব্যাকুলতা উঠে এসেছে গানের কথায়। সুরেও রয়েছে সেই বিরহের উপাদান।‘
অবন্তী সিঁথি এর আগে লুৎফর হাসানের কথায় বিচ্ছিন্নভাবে গাইলেও দ্বৈত গানে এবারই প্রথম ।
শান সায়েক কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হলেও ভিডিও নির্মাতা হিসেবে যাত্রা শুরু এই গানের মাধ্যমেই।
‘কেমন আছো বন্ধু তুমি’ প্রকাশ পাবে লুৎফর হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে।