হকিতে মারামারি করে নিষিদ্ধ জিমি

ক্লাব কাপ হকিতে পুলিশ এফসির বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

জাতীয় দলের অন্যতম এই তারকাকে নিষেধাজ্ঞার সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে।

এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জিমি। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। ফলে ১৪ অক্টোবর সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে জিমিকে ছাড়াই খেলতে হবে মোহামেডানকে।

জিমির নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, হকির স্বার্থে প্রয়োজনীয় সব সিদ্ধান্তই নিবে ফেডারেশন।

তিনি বলেন, ‘পুলিশের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জিমিকে নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা করা হয়েছে। এ সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের যে নিয়ম, এ ছাড়া দীর্ঘদিন পর হকির মাঠে ফেরা-এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।’

সোমবার পুলিশ এফসির বিপক্ষে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করেন জিমি। শারীরিকভাবেও লাঞ্ছিত করেন। প্রতিপক্ষ গোলরক্ষক কাঞ্চন মিয়াকে ধাক্কা দেন। গলা চেপে ধরেন ডিফেন্ডার শাওন তিগ্যাকে। তর্ক করেছেন পুলিশ এফসি দলের কর্মকর্তাদের সঙ্গেও।

ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতে মোহামেডান। তবে পুলিশ এফসি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে পুরো ম্যাচ খেলেনি। পরে বাইলজ অনুযায়ী জয়ী ঘোষণা করা হয় মোহামেডানকে।

পুরো ম্যাচ না খেলার শাস্তি পেতে হয়েছে পুলিশকেও। তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ বলেন, ‘প্রধানমন্ত্রী হকিকে টাকা দিয়েছেন। আর্থিক অবস্থার বিবেচনায় ক্লাবগুলোকে বিভিন্ন অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি হকির স্বার্থ বিরোধী কিছু করে, সেটা মেনে নেওয়া হবে না।’