ভালো অবস্থা থেকেও প্রস্তুতিতে হার বাংলাদেশের

আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটে নামা শ্রীলঙ্কার ১২ ওভারে ৭৯ রানে ৬ উইকেট ফেলে দেয় টাইগাররা। এমনকি ১৫ ওভারেও সমানসংখ্যক উইকেটে মাত্র ৯৬ রান করে লঙ্কানরা। ৪ উইকেট হাতে নিয়ে বাকি ৩০ বলে ৫১ রান চাই তাদের। এই অবস্থাতেও শ্রীলঙ্কাকে আটকাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখেই ৬ উইকেটে ১৪৮ রান তুলে ৪ উইকেটে প্রস্তুতি ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। আগের ম্যাচের মতো এবারও অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেননি। নির্বাচক হাবিবুল বাশার অবশ্য আগের দিনই জানিয়ে রেখেছিলেন যে মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হবে। সঙ্গে আইপিএল খেলে ফেরা মোস্তাফিজুর রহমানও বিশ্রাম পেলেন। তাই অনেকটা আগের দলই খেলিয়েছে বাংলাদেশ। বদল একটি, সাইফউদ্দিনের পরিবর্তে তাসকিন আহমেদ।

আগের ম্যাচের মতো হাত খুলে খেলতে পারেননি নাঈম শেখ ও লিটন দাশ। মাত্র ৩১ রানেই থামে বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন ১৬ ও কাছাকাছি সময়ে ফেরেন ১১ রান করা নাঈম। সৌম্য সরকার এ ম্যাচে রান পেয়েছেন। অনেক দিন পর তার ব্যাটে ত্রিশোর্ধ্ব ইনিংস। ২৬ বলে ২ ছক্কা ও ১ চারে দলের সর্বোচ্চ ৩৪ রান করেছেন। আগের ম্যাচে ০ রানে ফেরা মুশফিক এদিন করলেন ১৩ বলে ১৩। নিচের দিকে আফিফ হোসেন সমানসংখ্যক বলে ১১ ও নুরুল হাসান সোহান ১৪ বলে ১৫ রান করেন। লঙ্কার চার বোলার ১টি করে উইকেট নেন। চামিরা নেন ৩টি।