বগুড়ায় শিক্ষক নির্যাতন

গাজীপুর, নড়াইলে প্রধান শিক্ষকদের মানববন্ধন

বগুড়ার নন্দীগ্রামে একটি স্কুলে নিয়োগ নিয়ে বিরোধিতার জেরে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক শিক্ষককে হেনস্তা ও মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুর ও নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা সারাদেশে শিক্ষক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখারও দাবি জানান। এছাড়া বগুড়ার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতিকে অব্যহতি ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান।

এদিন সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সংগঠনের গাজীপুর জেলা শাখার সভাপতি হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য দেন।

এদিকে বগুড়ার ঘটনাসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গতকাল দুপুরে নড়াইল আদালত সড়কে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বক্তব্য দেন।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ বিরোধীতার জেরে গত শুক্রবার বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগমের সঙ্গে অসদাচরণ করেন এবং তার স্বামী ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে মারধর করে তিনটি দাঁত ভেঙে ফেলেন।