বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

ধান পাহারা দিতে গিয়ে বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।

লামায় বজ্রপাতে নিহত চাচা মো. এনাম (৪৫) ও ভাতিজা মো. শহীদ (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার লইক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, এনাম ও শহীদ উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙালিপাড়ায় চাষাবাদ করে আসছে। সোমবার রাতে ধান পাহারা দেওয়ার জন্য গাছের ওপরে তৈরিকৃত মাচাং ঘরে অবস্থানকালে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন ওই গ্রামের বাঁশি আকিন্দের স্ত্রী মর্জিনা খাতুন (৫০) ও দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০)। বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বলেন, বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিতে রফিক ও তার চাচি মর্জিনা খাতুন সিমেন্টের খুঁটি স্থাপনের সময় ওই খুঁটি বাড়ির পাশের ২২০ ভোল্টের সরবরাহ লাইনের তারের সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।