সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

নীলফামারীর সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন নাদিম ওরফে ইমরান খান নাদিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ স¤পাদক স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কামরুজ্জামান কামরুল ও দীপক চক্রবর্তী।

গত সোমবার বেলা ১১টার দিকে ইমরানকে ১৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু বলেন, গত সোমবার মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেলা কমিটি ইমরান খান নাদিমকে সোমবার রাতে দল থেকে বহিষ্কার করেছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দৈনিক দেশ রূপান্তর-এ ‘সৈয়দপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ ছাপা হয়।