ঢাবি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু

বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাওয়ার সুবিধা রেখে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনবীমার আওতায় আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিয়মিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বছরে ২৭০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যবীমার আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকার চিকিৎসা সুবিধা পাবেন।

চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় যারা প্রিমিয়ামের টাকা দিতে পারেননি তাদের জন্য সুবিধা রাখা হয়েছে। এজন্য https://student.eis.du.ac.bd ওয়েবসাইটে ‘হেলথ ইন্স্যুরেন্স’ বাটন ক্লিক করে টাকা জমা দেওয়া যাবে।

স্বাস্থ্যবীমার আওতায় হাসপাতালে থাকাকালীন কেবিন বা ওয়ার্ড ভাড়া, অস্ত্রোপচারজনিত ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার সুবিধা মিলবে।